রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল ও লুটপাটের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
শফিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দল সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে এত বড় ঘটনার জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।’
একই সঙ্গে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানান জামায়াতে ইসলামীর আমির।
এর আগে ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর কয়েকজনকে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগও তদন্তে উঠে এসেছে।
পরে ২৮ সেপ্টেম্বর ক্লিনিকটি দখলমুক্ত ঘোষণা করে সেখানে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় টাঙানো হয়।
জি বাংলা ডেস্ক