গার্মেন্টস শিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে সমাবেশ করেছেন বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মী ও শ্রমিকরা। সমাবেশ থেকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের সময়সীমা ঘোষণা না করা হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের (জি-এফওপি) ব্যানারে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে শত শত শ্রমিক মিছিল নিয়ে অংশ নেন। পরে তাঁরা একটি মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা প্রয়োজন। তাঁদের প্রধান দাবি, গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা।
পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সমাবেশের প্রধান আলোচক আকাশ আহমেদ বাবুল বলেন, শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।
বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে শ্রমিক ফেডারেশনগুলো কাজ করছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ে তাঁরা সংগ্রাম চালিয়ে যাবেন।
তিনি বলেন, বর্তমানে শ্রমিকরা সমাবেশ করার সুযোগ পাচ্ছেন। তবে অতীতে অনুমতি ছাড়া সমাবেশ করতে গেলে হামলা ও হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সুবিধাবাদীরা যাতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, মাতৃত্বকালীন সুবিধাসহ শ্রমিকদের আরও বিভিন্ন দাবি রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাই তাঁদের প্রধান দাবি।
গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্যসচিব ও বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সভাপতি শাকিল হোসেন মোবারক।
অনুষ্ঠানে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর হামজা খান, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এইচটিএম বিল্লাল, মেহনতি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জান্নাত ফাতেমা ও সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আনিসুর রহমানসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতারা বক্তব্য দেন।
জি বাংলা ডেস্ক