কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় তিনটি লরিতে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা জ্বালানি নেওয়া হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গাড়িবহরটি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) কর্মকর্তারা ইউরেনিয়ামের চালান গ্রহণ করেন।
চালান গ্রহণের পর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। শনিবার সকালে নির্ধারিত প্রক্রিয়ায় গাড়িবহরটি বিমানবন্দর ছাড়ে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল আনার পরিকল্পনা রয়েছে।
রাশিয়া থেকে এসব জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জ্বালানি পরিবহনে একাধিক দেশের আকাশসীমা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ও দ্বিতীয় ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট করে। প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহ ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
জি বাংলা ডেস্ক