ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, প্রতিদিন অন্তত ১০ মিনিট বাড়ি ও আশপাশ পরিষ্কারে ব্যয় করলে সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মুগদায় মশকের প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতি শনিবারকে সিটি করপোরেশনের ‘ক্লিনিং ডে’ ঘোষণা করা হয়েছে। তবে শুধু সরকার বা সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।
মুগদা হাসপাতালের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরের ডেঙ্গু আক্রান্তদের একটি বড় অংশ এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রী মুগদা হাসপাতালকে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ঢাকাবাসীর ডেঙ্গু চিকিৎসার দায়িত্ব দিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের কর্মকাণ্ডের প্রশংসা করে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি দিনরাত কাজ করে ডেঙ্গু নিয়ন্ত্রণ, নর্দমা পরিষ্কার এবং নগরবাসীর জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছেন।
প্রতিমন্ত্রী বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জি বাংলা ডেস্ক