অভিষেকের এক সপ্তাহ না পেরোতেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে গোল করে মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন তিনি। শনিবারের ম্যাচে যুক্তরাষ্ট্র ৩-০ গোলে মেক্সিকোকে হারিয়েছে।
ম্যাচের ৬৩ মিনিটে গোলটি করেন সুলিভান। মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেলের কাছ থেকে বল কেড়ে নিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে দারুণ এক চিপে বল জালে পাঠান তিনি। ওই গোলেই যুক্তরাষ্ট্র ২-০ ব্যবধানে এগিয়ে যায়। পরে আরও একটি গোল করে ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতে নেয় যুক্তরাষ্ট্র।
সুলিভান ভেঙেছেন সতীর্থ মাথিস আলবার্টের রেকর্ড। মাত্র চার দিন আগে চিলির বিপক্ষে গোল করে ১৭ বছর ১৩১ দিন বয়সে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন আলবার্ট। তারও আগে রেকর্ডটি ছিল ক্রিশ্চিয়ান পুলিসিচের দখলে।
জাতীয় দলে সুলিভানের উত্থানও দ্রুত। সেপ্টেম্বরে প্রথমবার যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান তিনি। ২৬ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে নেমে জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচ শুরু করার রেকর্ড গড়েন। এরপর চিলির বিপক্ষেও খেলেন তিনি।
ক্লাব ফুটবলেও এরই মধ্যে একাধিক রেকর্ড গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। ২০২৪ সালে মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে এমএলএসে অভিষেক করে তিনি প্রতিযোগিতাটির সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন।
চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন সুলিভান। ২০২৬ সালের এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ২৪ ম্যাচে তাঁর গোল ৭টি এবং অ্যাসিস্ট ১২টি। সেপ্টেম্বরেই চার ম্যাচে চার গোল ও পাঁচ অ্যাসিস্টসহ মোট নয়টি গোল-অবদান রাখেন তিনি।
এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গত ৩০ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের এমএলএস সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুলিভান। ১৭ বছর ২ দিন বয়সে এই পুরস্কার জিতে তিনি প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী মাসসেরা খেলোয়াড়ের রেকর্ডও গড়েছেন।
সেপ্টেম্বরে ফিলাডেলফিয়া ইউনিয়ন পাঁচ ম্যাচের সবকটিতে জয় পায়। ওই মাসে সুলিভানের নয় গোল-অবদান ছিল এমএলএসে সর্বোচ্চ। তাঁর গোল বা অ্যাসিস্টের ধারাবাহিকতা এখন আট ম্যাচে পৌঁছেছে, যা এমএলএসের ইতিহাসে কোনো কিশোর খেলোয়াড়ের দীর্ঘতম এমন ধারা।
স্পোর্টস ডেস্ক