জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ যাতে শান্তিতে ঘুমাতে পারে এবং নিরাপদে থাকতে পারে, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিরোধী দলে থাকলেও দেশের প্রতি তাঁদের দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর ‘জনসচেতনতা সপ্তাহ’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন শফিকুর রহমান। ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে দলটি।
শফিকুর রহমান বলেন, দেশে শুধু শাস্তি ও শৃঙ্খলার ব্যবস্থাই নয়, কার্যত বিভিন্ন প্রতিষ্ঠানও বিধ্বস্ত অবস্থায় রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দিনে-দুপুরে এবং রাতেও রাজধানীতে নানা ধরনের অপকর্ম ঘটছে। রাজধানী সরকারের কেন্দ্রীয় অবস্থান হওয়ায় এখানকার পরিস্থিতি থেকে সারা দেশের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় বলে মন্তব্য করেন তিনি।
একটি মেডিকেল সেন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করেন জামায়াতের আমির। তিনি অভিযোগ করেন, ওই ঘটনায় দুষ্কৃতিকারীদের সঙ্গে জনপ্রতিনিধিদের কেউ কেউ আড়াল থেকে নেতৃত্ব দিয়েছেন।
শফিকুর রহমান আরও দাবি করেন, জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য একজনকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে এখনো দল থেকে বহিষ্কার করা হয়নি এবং গ্রেপ্তার করে আইনের আওতায়ও আনা হয়নি। একই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জনগণকে বোকা বা অন্ধ মনে করার সুযোগ নেই। এখন কোনো কিছু আড়াল করার সময় নয়। মুহূর্তের মধ্যেই যেকোনো ঘটনা মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ সবকিছু দেখতে পাচ্ছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
জি বাংলা ডেস্ক