দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের অংশ নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন। একই সঙ্গে পোল্যান্ডে নাৎসি জার্মানির আগ্রাসনের পেছনে অ্যাডলফ হিটলারের দেওয়া কিছু যুক্তিও তুলে ধরেছেন তিনি। তাঁর মন্তব্যে বিস্ময় প্রকাশ করে সাবেক ব্রিটিশ ব্যবসামন্ত্রী স্যার জ্যাকব রিস-মগ বলেছেন, কার্লসন যেন হিটলারের কর্মকাণ্ডের সাফাই দেওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন।
শুক্রবারের এক ঘণ্টার বেশি সময়ের সাক্ষাৎকারে রিস-মগের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইউরোপের সংঘাতে ব্রিটেনের ভূমিকা নিয়ে আলোচনা করেন কার্লসন। সাক্ষাৎকারটি ‘দ্য টাকার কার্লসন শো’-তে প্রকাশিত হয়।
কার্লসন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের কেন লড়াই করা উচিত ছিল, তা তিনি কখনো বুঝতে পারেননি। তাঁর যুক্তি, নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করার সময় দেশটির সঙ্গে ব্রিটেনের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। ফলে পোল্যান্ডকে রক্ষায় ব্রিটেনের যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে মত দেন তিনি।
আলোচনায় কার্লসন বলেন, হিটলারের দাবি ছিল পোল্যান্ডের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড একসময় জার্মানির অংশ ছিল এবং ভার্সাই চুক্তির মাধ্যমে তা পোল্যান্ডকে দেওয়া হয়েছিল। ওই এলাকায় জার্মান জনগোষ্ঠী বসবাস করত বলেও তিনি উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, এসব তুলে ধরে তিনি হিটলারের পক্ষ নিচ্ছেন না।
কার্লসনের ভাষ্য, ‘হিটলার হঠাৎ করে পোল্যান্ডে ঢুকে পড়েছিলেন’—এমন ধারণা সঠিক নয়। তিনি দাবি করেন, হিটলার বারবার বলেছিলেন যে তিনি ব্রিটেনের সঙ্গে যুদ্ধে যেতে চান না। তাঁর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে ব্রিটেন সাম্রাজ্য ও দেশের ব্যাপক ক্ষতি করেছে।
কার্লসনের এ বক্তব্যে রিস-মগ বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, কার্লসন হিটলারের কর্মকাণ্ডের সাফাই দেওয়ার কাছাকাছি চলে যাচ্ছেন। একই সঙ্গে রিস-মগ বলেন, হিটলারের কথার ওপর আস্থা রাখার কারণ নেই এবং ব্রিটেন যুদ্ধে না গেলে জার্মানি শেষ পর্যন্ত ব্রিটেনেও হামলা চালাতে পারত।
জবাবে কার্লসন ব্যঙ্গ করে বলেন, ‘হ্যাঁ, মনে হয় আমি গোপন নাৎসি।’ এরপরই তিনি বলেন, তিনি কোনোভাবেই নাৎসি নন; বরং কারণ ও ফলাফল নিয়ে পরিষ্কারভাবে চিন্তা করার চেষ্টা করছেন।
সাক্ষাৎকারে রিস-মগ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ‘ভালো ও মন্দের’ লড়াই হিসেবে বর্ণনা করেন। অন্যদিকে কার্লসন যুদ্ধের ফলাফল নিয়ে ব্রিটেনের জন্য এর মূল্য ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন।
আন্তর্জাতিক ডেস্ক