কুমিল্লার চৌদ্দগ্রামে একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সীমান্তবর্তী গাংরা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
কুমিল্লা বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মীর আলী এজাজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, সকাল আনুমানিক ৬টার দিকে গীতবাড়ি বিওপির একটি টহল দল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা এলাকায় একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাস থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে বিজিবি।
বিজিবি সূত্র আরও জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।
জি বাংলা ডেস্ক