বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে তথ্য সংগ্রহের জন্য সেখানে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তাকর্মীরা ফিরিয়ে দিচ্ছেন।
বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশেই সাংবাদিকদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ এ সময় তিনি সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ করেন।
সকাল থেকে বলাকার প্রধান ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাঁদের প্রবেশের অনুমতি নেই বলে জানান। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা না করেই তাঁদের ফিরে আসতে হয়।
তবে সাংবাদিকদের প্রবেশে দুই দিনের এই নিষেধাজ্ঞার কারণ জানানো হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব বলে মনে করেন সংশ্লিষ্ট সাংবাদিকেরা।
নিষেধাজ্ঞার কারণ ও এ বিষয়ে প্রতিষ্ঠানের বক্তব্য জানতে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠিয়েও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
বিমানের পক্ষ থেকেও সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
জি বাংলা ডেস্ক