রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজন গভীরতর হওয়ায় ইসরাইল গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় কাঠামোর ধসের ঝুঁকিতে পড়তে পারে বলে একটি গোপন মূল্যায়নে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ (ভেতর থেকে ফাটল) শিরোনামের ওই মূল্যায়নটি সংস্থাটির ‘রেড সেল’ প্রস্তুত করেছে বলে মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
আগস্টে প্রস্তুত করা মূল্যায়নটির তথ্য দুই মার্কিন সূত্রের বরাতে প্রকাশ করা হয়েছে। সিআইএর ‘রেড সেল’ গোয়েন্দা সংস্থার প্রচলিত বিশ্লেষণকে চ্যালেঞ্জ করে বিকল্প পরিস্থিতি পর্যালোচনা করে। তবে মূল্যায়নটি প্রকাশ্যে আসেনি এবং সিআইএও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
মূল্যায়নে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইসরাইলে বেশ কিছু চাপ একসঙ্গে বাড়ছে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সংকট, সামরিক ব্যয় বৃদ্ধি, পশ্চিম তীরে ইসরাইলি বসতিস্থাপনকারীদের সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিয়ে জনঅসন্তোষ।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক প্রচেষ্টাকেও দেশটির রাজনৈতিক ও সাংবিধানিক উত্তেজনার একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা গাজা, লেবানন ও ইরানকেন্দ্রিক যুদ্ধও ইসরাইলি সমাজের বিদ্যমান বিভাজনকে আরও গভীর করেছে বলে মূল্যায়নে উঠে এসেছে।
দীর্ঘ সময়ের সামরিক অভিযানে অংশ নেওয়া সেনা ও রিজার্ভ সদস্যরা দেশে ফেরার পর মানসিক চাপসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন বলেও মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বারবার রিজার্ভ সেনা মোতায়েনের বিপরীতে অতি-অর্থোডক্স পুরুষদের সামরিক সেবায় ছাড় দেওয়ার বিষয়টি ইসরাইলি সমাজে ক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠেছে।
আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং যুক্তরাষ্ট্রে দেশটির প্রতি সমর্থন কমে যাওয়াকেও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বাড়ানোর সম্ভাব্য কারণ হিসেবে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব চাপ একে অন্যকে প্রভাবিত করলে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন আরও তীব্র হতে পারে। মূল্যায়নে এমন পরিস্থিতির সম্ভাব্য পরিণতি হিসেবে ‘সিভিল কনফ্লিক্ট’ বা অভ্যন্তরীণ সংঘাত এবং রাষ্ট্রীয় কাঠামোর বড় ধরনের সংকটের কথা বিবেচনা করা হয়েছে।
তবে এই মূল্যায়নকে গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় পতনের নিশ্চিত পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে না। এটি সম্ভাব্য ঝুঁকি ও পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে করা একটি গোয়েন্দা বিশ্লেষণ। নথিটি প্রকাশ্যে না আসায় এর পূর্ণাঙ্গ পদ্ধতি ও প্রমাণ স্বাধীনভাবে যাচাই করার সুযোগও নেই।
আন্তর্জাতিক ডেস্ক