ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সময়সীমা শেষ হওয়ার পর এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে মির্জা ফয়সল আমিন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির পক্ষ থেকে মির্জা ফয়সল আমিনকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পাশাপাশি ধানের শীষ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে ২৯ সেপ্টেম্বর ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। ওবায়দুল্লাহ মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা পাঁচজনে নেমে আসে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
জি বাংলা ডেস্ক