বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের। একই দিনে ২১৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যেখানে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ২১০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর এবং ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোর হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়। ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনসহ দূষণের বিভিন্ন উপাদান বিবেচনা করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। সংস্থাটির হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে বায়ুদূষণের কারণে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
জি বাংলা ডেস্ক