নেত্রকোনায় বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করা, মামলার জট কমানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিচার বিভাগের সমন্বয় জোরদার করতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, নেত্রকোনার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার সিনিয়র জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মঞ্জুরী। সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. রাজিবুল হাসান।
সম্মেলনে বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, মামলার জট নিরসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযোগপত্র বা তদন্ত প্রতিবেদন সময়মতো আদালতে দাখিলের তাগিদ দেওয়া হয়। বিশেষ করে হত্যা ও স্পর্শকাতর মামলায় তদন্তে বিলম্ব হলে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।
আদালতের জারি করা সমন, গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য আদেশ যথাসময়ে তামিল নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়। এ ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনের বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রপক্ষের মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে পুলিশ ও চিকিৎসক সাক্ষীদের নির্ধারিত সময়ে আদালতে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আহত ব্যক্তিদের মেডিকেল সার্টিফিকেট, জখম প্রতিবেদন, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন যথাসময়ে সরবরাহ এবং এসব নথিতে অসংগতি এড়াতে সিভিল সার্জনের প্রতিনিধি ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
আদালত চত্বরে বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
সম্মেলনে নেত্রকোনা জেলার বিচারিক ম্যাজিস্ট্রেটরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), সিভিল সার্জনের প্রতিনিধি মাজহারুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), জেলা কারাগারের সুপার, আইনজীবী সমিতির প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দেশ কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক জালাল উদ্দিন ও ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ, নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. আমান উল্লাহ আমান সম্মেলনে অংশ নেন। উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
জি বাংলা ডেস্ক