রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর চালানো গাড়ির চাপায় মো. শাহজালালী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের এখানে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাঁদের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। তাঁরা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।”
নিহত শাহজালালী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে গাড়িসহ আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গাড়িসহ থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় তাঁর গাড়ির ধাক্কায় এক নারী পথচারী সড়কের এক পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি আরও দুই রিকশাচালককে চাপা দেন। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত শিক্ষার্থীকে গাড়িসহ বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মাছুমা মুস্তারি বলেন, নিহতের পরিবার বাদী হয়ে মামলা করবে। মামলার প্রক্রিয়া চলছে। মামলা সম্পন্ন হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জি বাংলা ডেস্ক