চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদ ও জমিলা খাতুনের ছেলে।
আহত তাফসির আলম শাওন একই ইউনিয়নের অলিনগর এলাকার ইউসুফের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগরে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কারা বা কী উদ্দেশ্যে এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সাগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের অনেকে।
জি বাংলা ডেস্ক