আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে ভারতের উত্তরাখণ্ডের রাজনীতিতে শুরু হয়েছে দলবদল। এরই ধারাবাহিকতায় ক্ষমতাসীন বিজেপির সঙ্গে ১২ বছরের সম্পর্কের ইতি টেনে কংগ্রেসে যোগ দিয়েছেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক জুবিন নটিয়ালের বাবা রামশরণ নটিয়াল।
সোমবার (১৯ অক্টোবর) কংগ্রেসের নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। এ সময় তাঁকে দলীয় ব্যাচ পরিয়ে দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২০২২ সালের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে চক্রাতা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রামশরণ নটিয়াল।
বিজেপি ছাড়ার পর দলটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। দলত্যাগের কারণ ব্যাখ্যা করে রামশরণ নটিয়াল বলেন, ‘আজ দেশে একনায়কতন্ত্র ও স্বৈরাচারী সরকার বিরাজ করছে। শাসকদলে দীর্ঘদিন কাজ করার পরও আমাকে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি। আমার যথাযথ মূল্যায়ন করা হচ্ছিল না। সারা দেশে গণতন্ত্র হুমকির মুখে। নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নিয়ে প্রশ্ন উঠছে। রাহুল গান্ধী ক্রমাগত ভোট চুরির কথা বলে আসছেন, যা আজ অস্বীকার করার উপায় নেই।’
তিনি আরও বলেন, ‘ইন্ডিয়া অ্যালায়েন্স কিছুদিন আগে দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি ইন্ডিয়া অ্যালায়েন্সের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করলেও মাত্র ১০ সদস্যের একটি প্রতিনিধিদলকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বাকি সংসদ সদস্যদের বিজয় চকে আটকে দেওয়া হয়েছিল। দেশে আজ বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে।’
গত সেপ্টেম্বরের শেষ দিকে বিজেপি থেকে পদত্যাগ করেন উত্তরাখণ্ডের এই প্রবীণ নেতা। তিনি দেরাদুনের সাবেক জেলা পঞ্চায়েত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পদত্যাগের পর তাঁর পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রামশরণ নটিয়ালের কংগ্রেসে যোগদান উত্তরাখণ্ডের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এই দলবদল রাজ্যের রাজনৈতিক সমীকরণে কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
বিনোদন ডেস্ক