নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ এবং সড়ক খাতের সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক শোক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের এই নেতা।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় তিনি ব্যথিত ও শোকাহত। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
সড়ক দুর্ঘটনা বৃদ্ধির কারণ তুলে ধরে তিনি বলেন, দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এ ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের গাড়ি চালানো থেকে বিরত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ করা জরুরি। পাশাপাশি সড়ক খাতের সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জি বাংলা ডেস্ক