সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের কারাগারে কমবেশি সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে তিনি এ তথ্য জানান।
শুক্রবার সকাল ৮টার পর শাহেদ আহম্মদের মরদেহ ঢাকায় পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার স্ত্রী কোহিনুর আক্তার কাকলী। এ সময় সরকারের পক্ষ থেকে তাকে সহায়তা দেওয়া হয় এবং মরদেহ হস্তান্তর করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এ উপলক্ষে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ ঘটনায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে বাংলাদেশ। সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। ওই নথি পাওয়া গেলে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, সৌদি সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দণ্ডে দণ্ডিত ও কারাগারে থাকা ব্যক্তিদের তালিকা পাঠায়। ওই তালিকায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সরকার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে শাহেদসহ নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
তিনি আরও জানান, গত এক মাসে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে শাহেদ আহম্মদের মরদেহ দেশে এসেছে। অন্য দুজনের মরদেহও দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান শামা ওবায়েদ।
জি বাংলা ডেস্ক