ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব কমলার থেকেও বেশি ভিটামিন ‘সি’ পাবেন যে ৫ খাবারে এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন শেয়ার চালুর পরিকল্পনা মেটার রিয়াদে জরুরি সতর্কতা জারি টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ রণবীরের ‘রামায়ণ’ আসছে আগামী মাসেই, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে? ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক সাংবাদিকদের যে পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর দুর্গা মায়ের বিদায়ে মন খারাপ সৌরভকন্যা সানার তাইওয়ানে নিহত ১, জাপানে বিদ্যুৎহীন ৮ হাজারের বেশি পরিবার সতর্ক করলেন সালমান খান অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৪:০৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৪:০৮:২৭ অপরাহ্ন
চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে উদ্বেগের মধ্যে স্বর্ণের দাম কমেছে। শুক্রবারও (২৩ অক্টোবর) দরপতনের ধারায় থাকা মূল্যবান এই ধাতু গত চার মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে রয়েছে। আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩ দশমিক ৩৪ ডলারে নেমে আসে। দিনের লেনদেনের একপর্যায়ে দাম গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্পট স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। এতে জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার চুক্তির দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮ ডলারে দাঁড়িয়েছে।

ক্যাপিটাল ডটকমের বাজার গবেষণা বিভাগের প্রধান মন্টে সাফিয়েদ্দিন বলেন, বিনিয়োগকারীরা স্বর্ণের দাম ৪ হাজার ডলারের গুরুত্বপূর্ণ স্তরের ওপরে ধরে রাখার চেষ্টা করছেন। কারণ, দাম এই স্তরের নিচে নেমে গেলে তা বাজারে সুদের হার কমার প্রত্যাশার বদলে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, উচ্চ বন্ড ইল্ড এবং শক্তিশালী ডলারের প্রভাব বাড়ার ইঙ্গিত দিতে পারে।

সৌদি আরবে হুথিদের হামলার পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কায় শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চপর্যায়ে রাখবে—এমন প্রত্যাশা জোরালো হচ্ছে। স্বর্ণ থেকে সুদ পাওয়া যায় না বলে সুদের হার বেশি থাকলে এই ধাতুতে বিনিয়োগের সুযোগব্যয় বাড়ে। ফলে সাধারণত স্বর্ণের দামের ওপর নেতিবাচক চাপ তৈরি হয়।

সাফিয়েদ্দিন বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়লে তেলের দাম নতুন করে বাড়তে পারে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়বে, বন্ডের ইল্ড ঊর্ধ্বমুখী হবে এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর পদক্ষেপ পিছিয়ে যেতে পারে। এমন পরিস্থিতি স্বর্ণের বাজারের জন্য প্রতিকূল।

বিনিয়োগকারীদের নজর এখন আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। পাশাপাশি আগামী সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ এই সূচক ফেডারেল রিজার্ভের ২ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা মূল্যায়নে বিশেষ ভূমিকা রাখে।

বাজারের অধিকাংশ লেনদেনকারী ধারণা করছেন, আগামী সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখবে। তবে বাজারের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখনো ৮০ শতাংশ।

এদিকে, বাজারের মৌলিক পরিস্থিতির পরিবর্তন এবং বিনিয়োগকারীদের সম্পদ বিক্রির প্রবণতার কথা উল্লেখ করে বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদনে ২০২৬ সালে প্লাটিনাম ও প্যালাডিয়ামের গড় দামের পূর্বাভাস কমিয়েছে এইচএসবিসি।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ দশমিক ৮৫ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ০ দশমিক ৭ শতাংশ, প্রতি আউন্স ১ হাজার ৫৫৯ দশমিক ৭৬ ডলারে। অন্যদিকে, প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৫৩ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে স্বর্ণের পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমার পথে রয়েছে।

সূত্র: রয়টার্স


নিউজটি আপডেট করেছেন : gbanglanews

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার

রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার