যশোর ও মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ এবং মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আরও তিনজন নিহত হন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
যশোরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের অবস্থাও গুরুতর।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-চাঁচড়া-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের মঙ্গলগতি এলাকার সিয়াম হোসেন (১৮), জয় (১৮) ও রোহান (১৯)। আহতরা হলেন বেজপাড়া এলাকার রিফাত (১৭) ও ওমর (১৭)।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, সিয়াম বেনাপোলগামী একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্যদিকে জয় ও রোহান ছিলেন যশোরগামী আরেকটি মোটরসাইকেলে। নতুনহাট বাজার এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াম, জয় ও রোহানকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত ও ওমর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় জানা গেছে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতরা হলেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তাঁরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করা ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্য পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জি বাংলা ডেস্ক