দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে টানা ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে যথারীতি ক্লাস শুরু হচ্ছে। তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি চলবে অক্টোবরের শেষ দিন পর্যন্ত। এসব কলেজে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর।
শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হয়। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।
গত ২২ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। এরপর গতকাল রোববার (২৫ অক্টোবর) লক্ষ্মীপূজার ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। সব মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও দীর্ঘ। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে ছুটি শুরু হয়। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।
এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১ নভেম্বর থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।
জি বাংলা ডেস্ক