গাজীপুরের শ্রীপুরে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ বিতন্ডাই জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন। এ সময় তার বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তার বাবার মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে অভিযুক্ত আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জি বাংলা ডেস্ক