সন্তানদের প্রযুক্তি ব্যবহারে বেশ সতর্ক বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দুই ছেলে তৈমুর ও জেহের হাতে মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি রয়েছে তার। দীর্ঘ সময় ফোন বা গেমে ব্যস্ত থাকলে সন্তানদের হাত থেকে সেটি কেড়ে নিতেও দ্বিধা করেন না বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান কারিনা। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কিছু সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
কারিনা জানান, ছেলেদের নিজেদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। তবে তৈমুর মাঝে মাঝে তার দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তির ফোনকে নিজের ফোন হিসেবে দাবি করে। এ নিয়ে ছেলেকে বুঝিয়েছেন, সেটি তার ফোন নয়। এমনকি বন্ধুদের কাছে ফোনটিকে নিজের বলে পরিচয় দেওয়া যাবে কি না, তৈমুর জানতে চাইলেও কারিনা তাতে সম্মতি দেননি।
সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়টি তাকে বেশ উদ্বিগ্ন করে বলে জানান কারিনা। তবে ছেলে তৈমুর তাকে মনে করিয়ে দেয়, বাবা-মাও তো ফোন ব্যবহার করেন। কারিনা বলেন, ছেলেরা যখন দীর্ঘ সময় গেম খেলতে থাকে, তখন তাদের হাত থেকে ফোন সরিয়ে নিতে হয়।
এ নিয়ে স্বামী সাইফ আলি খানের সঙ্গেও মাঝেমধ্যে তার মতের অমিল হয়। কারিনা জানান, সাইফ মনে করেন তিনি বিষয়টি নিয়ে কিছুটা বেশি চিন্তা করেন এবং তার আরও শান্ত থাকা উচিত। তবে কারিনার মতে, সন্তানদের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। এ বিষয়টিই তাদের মধ্যে মতবিরোধের অন্যতম কারণ বলেও জানান তিনি।
ছেলেদের শৈশব যতটা সম্ভব দীর্ঘ হোক—এমনটাই চান কারিনা। তিনি চান, তৈমুর ও জেহ যতদিন সম্ভব তাদের শৈশব উপভোগ করুক।
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তাও স্বীকার করেন অভিনেত্রী। তবে প্রযুক্তির ব্যবহার যেন ক্ষতিকর পর্যায়ে না পৌঁছায়, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানান তিনি। বিশেষ করে এআই নিয়ে তার উদ্বেগ বেশি। কারিনার ভাষ্য, প্রযুক্তির কিছু ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার প্রয়োজন হতে পারে, আবার ইতিবাচক দিকগুলোও কাজে লাগানো দরকার।
কারিনা জানান, তার সন্তানদের বয়স এখন ৯ ও ৫ বছর। এ কারণেই এআইসহ নতুন প্রযুক্তির প্রভাব নিয়ে তিনি বিশেষভাবে সচেতন।
স্টাফ রিপোর্টার