বুন্ডেসলিগার ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। শুক্রবার উনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের ৭-০ গোলের জয়ে নিজের ৯৮তম ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।
ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বুন্ডেসলিগায় নিজের ১০০তম গোল পূর্ণ করেন কেইন। এর আগে সবচেয়ে কম ১২৯ ম্যাচে ১০০ গোলের রেকর্ডটি ছিল ডিটার ম্যুলারের। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর কোলনের হয়ে খেলার সময় ওই রেকর্ড গড়েছিলেন তিনি। প্রায় ৪৯ বছর পর সেই রেকর্ড ভাঙলেন কেইন।
রেকর্ড গড়ে কেইন বলেন, ‘সত্যি বলতে, বুন্ডেসলিগায় ১০০ গোল করতে পেরে আমি বেশ গর্বিত।’
তিনি আরও বলেন, ‘প্রিমিয়ার লিগে তো আমি এটা করেছিই। এখন একদম ভিন্ন একটি লিগেও এই কীর্তি গড়তে পেরে সত্যিই গর্ব হচ্ছে। পুরো দলকে অনেক ধন্যবাদ।’
দ্বিতীয়ার্ধে নিজের ১০১তম গোলও করেন কেইন। বায়ার্নের বড় জয়ে ফ্রান্সের ফরোয়ার্ড মাইকেল ওলিসে করেন হ্যাটট্রিক।
বায়ার্নে গোলের পর গোল
২০২৩ সালের গ্রীষ্মে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে যোগ দেন কেইন। জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার তিন বছরের কিছু বেশি সময়ের মধ্যেই বুন্ডেসলিগায় ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
বুন্ডেসলিগায় অভিষেক মৌসুমে ৩৬ গোল করেন কেইন। ২০২৪-২৫ মৌসুমে করেন ২৬টি এবং ২০২৫-২৬ মৌসুমে ৩৫টি গোল। জার্মানিতে নিজের তিন মৌসুমেই বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা হন তিনি।
বায়ার্নকে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে টানা দুটি লিগ শিরোপা জিততেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেইন।
সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে নিজের ১০৪তম ম্যাচে ১০০ গোল পূর্ণ করেছিলেন কেইন। ২০২৫ সালের সেপ্টেম্বরে ভের্ডার ব্রেমেনের বিপক্ষে ৪-০ গোলের জয়ে ওই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মাধ্যমে একুশ শতকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ডও গড়েন কেইন। পেছনে ফেলেন রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ ম্যাচে ১০০ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ম্যানচেস্টার সিটির হয়ে একই সংখ্যক ম্যাচে এই মাইলফলক ছোঁয়া আর্লিং হালান্ডকে।
এরপর বায়ার্নের হয়ে ১৫৪ ম্যাচে কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫১টি।
চলতি বছরও দারুণ ছন্দে রয়েছেন ইংলিশ এই ফরোয়ার্ড। গত মৌসুমে বুন্ডেসলিগায় ৩৫ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৬১ গোল করেন তিনি। ওই মৌসুমে বায়ার্ন বুন্ডেসলিগায় রেকর্ড ১১২ গোল করে শিরোপা জেতে।
ইংল্যান্ডের হয়েও সর্বোচ্চ গোলদাতা কেইন। চলতি গ্রীষ্মের বিশ্বকাপে নিজের আন্তর্জাতিক গোলসংখ্যা ৭০-এ নিয়ে গেছেন তিনি।
আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি’অরের চূড়ান্ত ফল ঘোষণার কথা রয়েছে। পুরস্কারের দৌড়ে কেইনকেও অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
স্পোর্টস ডেস্ক