আগামী ১৯ নভেম্বর ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে মডেল খাল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, প্রায় ১০০টি খালকে মডেল খাল হিসেবে গড়ে তোলার প্রস্তাব পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে ২০টি খাল নির্বাচন করা হবে এবং প্রতিটি বিভাগে অন্তত একটি করে মডেল খাল করার পরিকল্পনা রয়েছে।
দুলু বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ। শুষ্ক মৌসুমে কৃষিকাজের জন্য পানি সংরক্ষণ, বর্ষায় পানি নিষ্কাশন, খালে মাছ চাষ এবং খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ তৈরি হয়েছে। কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ), জিআর (জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বরাদ্দের অর্থ যাতে ফেরত না যায় এবং অপচয় না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ডিআরআরও ও পিআইওরা অংশ নেন।
জি বাংলা ডেস্ক