মেজর লিগ সকারের (এমএলএস) পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামির অবস্থান কিছুটা নড়বড়ে হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। স্যান ডিয়েগোর বিপক্ষে গোল করে এমএলএসের ইতিহাসে বিশেষ এক কীর্তি গড়েছেন আর্জেন্টাইন তারকা।
নু স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটে ড্রেয়ার গোল করে স্যান ডিয়েগোকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ার পর বল দখল ও আক্রমণে আধিপত্য দেখাতে থাকে স্যান ডিয়েগো। তবে ২৪তম মিনিটে ফ্রি-কিক থেকে মায়ামিকে সমতায় ফেরান মেসি।
বক্সের ডানপ্রান্ত থেকে মেসির বাঁ পায়ের ফ্রি-কিক সরাসরি জালে গিয়ে ঠেকে। দূরের পোস্টে লেগে বল জড়ায় জালে।
এই গোলটি এমএলএসে মেসির চলতি মৌসুমের ২০তম। এর মধ্য দিয়ে লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ২০ গোল করার কীর্তি গড়েছেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। এর আগে এই কীর্তি গড়েছেন লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বোয়াঙ্গা, ২০২৩ থেকে ২০২৫ মৌসুমে।
চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৩৩ গোলে অবদান রেখেছেন মেসি। তার অ্যাসিস্ট ১৩টি। মৌসুমের এখনও আট ম্যাচ বাকি।
মায়ামির জার্সিতে এটি মেসির ১০১তম গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারের ৯৩০তম গোল। ফ্রি-কিক থেকে তার গোলসংখ্যা দাঁড়াল ৭৫-এ।
তবে মেসির ব্যক্তিগত সাফল্যের দিনেও দলকে হতাশ হতে হয়েছে। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের গোলে মায়ামি এগিয়ে গেলেও ম্যাচের শেষ দিকে গোল হজম করে আবারও পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের।
এ নিয়ে এমএলএসে টানা চতুর্থ ড্র করল মায়ামি। শেষ নয় ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। শীর্ষে থাকা ন্যাশভিলের সংগ্রহ ৫৭ পয়েন্ট, আর দ্বিতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের পয়েন্টও ৪৬।
স্পোর্টস ডেস্ক