হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়। ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও খবরটি প্রকাশ করেছে।
আইআরজিসি জানিয়েছে, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নতুন একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। আইআরজিসির মহাকাশ ও বিমানবাহিনী শাখা এ অভিযান পরিচালনা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইআরজিসির দাবি, ভূপাতিত ড্রোনটি এমকিউ-১ মডেলের। তাদের ভাষ্য, কয়েক বছর আগে মার্কিন সামরিক বাহিনীর বহর থেকে এই ধরনের ড্রোন সরিয়ে এমকিউ-৯ ব্যবহারে যাওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক সংঘাতে এমকিউ-৯ ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্র আবার এমকিউ-১ ব্যবহার করছে বলে দাবি করেছে আইআরজিসি।
ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমকিউ-১ ও এমকিউ-৯—দুই ধরনের ড্রোনের বিরুদ্ধেই কার্যকর। তবে ড্রোনটি ঠিক কোথায় এবং কীভাবে ধ্বংস করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে মার্কিন পক্ষ থেকে এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে চলতি মাসেও হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় একাধিক এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি করেছিল আইআরজিসি। এসব দাবির কিছু ক্ষেত্রেও মার্কিন পক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথে সামরিক উত্তেজনার পাশাপাশি বাণিজ্যিক জাহাজ চলাচলও কমেছে।
আন্তর্জাতিক ডেস্ক