সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ আসর ২০২৬ সালে অনুষ্ঠিত হচ্ছে না। উৎসবটির ষষ্ঠ সংস্করণ ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে আয়োজনের ঘোষণা দিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন।
ফাউন্ডেশন জানিয়েছে, আন্তর্জাতিক পরিসরের এই আয়োজনের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক পর্যালোচনার পর উৎসবটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপযুক্ত সময় ও পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।
উৎসবটির ষষ্ঠ আসর ২০২৬ সালের ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে উৎসবটি আয়োজন করা হবে। তবে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
উৎসব স্থগিত হলেও ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। রেড সি ফান্ড, রেড সি ল্যাবসসহ বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি চালু থাকবে।
এ ছাড়া নভেম্বর ২০২৬ থেকে ঐতিহাসিক জেদ্দার কালচার স্কয়ারে চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্রশিল্প সংশ্লিষ্ট বিশেষ কর্মসূচি শুরু করার কথা জানিয়েছে ফাউন্ডেশন।
বিনোদন ডেস্ক