মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েকটি বড় সংবাদমাধ্যমের বিরোধ আদালত পর্যন্ত গড়ানোর মধ্যে হোয়াইট হাউস ২৪ ঘণ্টার ভিডিও স্ট্রিমিং সেবা ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ চালু করেছে।
স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) অনলাইনে সম্প্রচার শুরু হওয়া এই প্ল্যাটফর্মে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রেসিডেন্টের বক্তব্য, বিভিন্ন অনুষ্ঠান ও পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, সেবাটি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন চালানোর পরিকল্পনা রয়েছে এবং এতে নিয়মিত নতুন কনটেন্ট যুক্ত করা হবে।
চালুর প্রথম দিনেই ট্রাম্পের বিভিন্ন পুরোনো বক্তব্য ও জনসম্মুখে উপস্থিতির ভিডিও দেখানো হয়। এর মধ্যে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাঁর শপথ গ্রহণের দৃশ্যও ছিল।
এর আগে ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। ট্রাম্প এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে তাঁর প্রশাসন সম্পর্কে ‘ফেক নিউজ’ প্রকাশের অভিযোগ করেন।
এর পর ২১ সেপ্টেম্বর সিএনএন, এমএস নাউ ও পলিটিকো ফেডারেল আদালতে মামলা করে। তারা দাবি করেছে, হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং পঞ্চম সংশোধনীর যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে।
এই বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলে। সিএনএনকে প্রেস পুলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর অন্য কয়েকটি বড় টেলিভিশন নেটওয়ার্কও যৌথ ভিডিও কভারেজ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ফলে প্রেসিডেন্টের বিভিন্ন কর্মসূচির ভিডিও কভারেজে পরিবর্তন এসেছে।
এই পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউস নিজস্ব ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করল। নতুন এই সেবার মাধ্যমে প্রশাসন সরাসরি প্রেসিডেন্টের বক্তব্য, সরকারি ঘোষণা ও অন্যান্য ভিডিও দর্শকদের কাছে পৌঁছাতে পারবে।
আন্তর্জাতিক ডেস্ক