কুমিল্লার বরুড়ায় ‘একেএম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালটির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে। তাঁর বাবা এলাকার মানুষের সেবায় বহুমুখী উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। স্বাস্থ্য সুরক্ষা মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, অসুস্থ হলে অনেক মানুষকে জায়গা-জমি বিক্রি করতে হয়, তারপরও অনেকে যথাযথ চিকিৎসা পান না। এ কারণেই তাঁর বাবা এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।
হাসপাতাল নির্মাণে বিলম্বের প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, তাঁর বাবা হাসপাতাল নির্মাণের জন্য জমি দিয়ে গিয়েছিলেন। তবে বিগত সরকারের অসহযোগিতার কারণে দীর্ঘদিনেও কাজ শেষ করা সম্ভব হয়নি। তিনি বলেন, এটি এলাকার মানুষের হাসপাতাল। তাই এর রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্বও স্থানীয়দের।
মন্ত্রী জানান, হাসপাতালে নামমাত্র খরচে চিকিৎসাসেবা দেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটিতে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রান্তিক জনগণের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১০ কোটি ৬০ লাখ ৪৪ হাজার ৪৪০ টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে।
২০২৬ সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সোনাইমুড়ি ২০ শয্যা হাসপাতালের নাম পরিবর্তন করে মন্ত্রীর প্রয়াত বাবা, সাবেক সংসদ সদস্য, শিল্পপতি ও সমাজসেবক একেএম আবু তাহেরের নামে নামকরণ করা হয়।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কায়সার আলম সেলিম, সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক জুনাব আলী ও সৈয়দ জহিরুল ইসলাম স্বপন, সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বক্তব্য দেন।
জি বাংলা ডেস্ক