দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরির পাশাপাশি শিশুদের মশার কামড়জনিত স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষায় সেমিনার ও মশারি বিতরণ করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা স্পার্কস।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ড. আজমল হাসপাতাল অডিটোরিয়ামে ‘ফাইট দ্য বাইট, প্রটেক্ট এভরি চাইল্ড’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরতে সেমিনারটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অফরন’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. হাজ্জাজ বিন মুজিব। সচেতনতা তৈরির পাশাপাশি শিশুদের সরাসরি সুরক্ষার উদ্যোগ হিসেবে এমআর ট্রেডার্সের সৌজন্যে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়।
জেসিআই ঢাকা স্পার্কসের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট সিনেটর রায়হান আহমেদ দীপ বলেন, একটি দায়িত্বশীল যুব সংগঠন হিসেবে সমাজের যেকোনো স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক কর্তব্য। সঠিক সচেতনতা ও যথাসময়ে কার্যকর পদক্ষেপ শিশুদের ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠান আয়োজনের মূল দায়িত্বে ছিলেন প্রজেক্ট চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শুভ ও কো-চেয়ারম্যান মৌমিতা সিদ্দিকা। মৌমিতা সিদ্দিকা অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন।
প্রকল্প আয়োজনে সার্বিক সহযোগিতা ও ভেন্যু দেওয়ায় ড. আজমল হাসপাতালের পরিচালক মীর সাদমান আলী এবং প্রযুক্তি প্রতিষ্ঠান অফরনের প্রতি ধন্যবাদ জানিয়েছে আয়োজক কমিটি।
জি বাংলা ডেস্ক