বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের নয়মাইল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বগুড়া থেকে ঢাকাগামী ভুট্টাবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি হায়েস মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মালবোঝাই ট্রাকটি মাইক্রোবাসের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও সামনের আসনে থাকা এক অজ্ঞাতনামা যাত্রী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। মাইক্রোবাসে থাকা অপর আট যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জি বাংলা ডেস্ক