রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ। একই কার্যালয় থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকেও আটকের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নেওয়া হয়। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈঠক করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এর আগে ওই কার্যালয়ে শতাধিক মানুষ জড়ো হয়েছিলেন বলে জানা যায়। পরে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত হন। বিকেল ৪টার দিকে কয়েকজনকে হাতকড়া পরিয়ে কার্যালয় থেকে বের করে পল্টন থানার দিকে নেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নিয়ে যাচ্ছেন তারা। সেখানে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে অনেককে থানায় নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো সবার পরিচয় নিশ্চিত করা হয়নি।
এদিকে আবু জাফর সূর্যের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় তাকে ও আরও কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যায়। পরে তিনি পল্টন থানায় আছেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।
পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জি বাংলা ডেস্ক