রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দায়িত্ব পালনে ওসির অবহেলার বিষয়টি প্রাথমিকভাবে পাওয়া গেছে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় ডিএমপি কমিশনারকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া দুই ট্রাকভর্তি মালামালও উদ্ধার করেছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীর বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলেও জানান তিনি।
পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ খতিয়ে দেখতে ডিএমপি কমিশনার ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি জানিয়েছিলেন, কাছেই পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও পুলিশ সময়মতো সাড়া দিয়েছিল কি না, তা কমিটি যাচাই করবে।
গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ রয়েছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রের একটি অংশও ভেঙে ফেলা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি বলে জানানো হয়েছে।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। এরই মধ্যে পৃথক অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জি বাংলা ডেস্ক