রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যের পাশাপাশি ৩৫ লাখ টাকা মূল্যের বাংলাদেশি জালনোট উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও অপরাধবিরোধী অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তেজগাঁও বিভাগ থেকে সর্বোচ্চ ১০১ জন এবং মিরপুর বিভাগ থেকে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগ থেকে ৮৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৯ জন, উত্তরা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন এবং রমনা বিভাগ থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১২৫টি ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৪৭ হাজার টাকা এবং মাদক মাপার একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৩৫ লাখ টাকা মূল্যের বাংলাদেশি জালনোট, পরিত্যক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা, তিনটি ধারালো ছোরা, একটি মোটরসাইকেল, ১১টি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জি বাংলা ডেস্ক