ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামে এক কসাইখানা পরিদর্শক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে শহরের দিক থেকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আব্দুস সামাদ। এ সময় দ্রুতগতির কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় আরও এক ব্যক্তি আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌরসভার কর্মচারী আব্দুস সামাদকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি শঙ্কামুক্ত রয়েছেন।