ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প

আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:০৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:০৫:৩০ অপরাহ্ন

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের ছুরিকাঘাতের পর বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ভূমিকা রাখা ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিমানটি নিয়ন্ত্রণে রাখতে এক যাত্রীর ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প জানান, গুরুতর আহত অবস্থায় পাইলট স্মিত মাচ্ছার ককপিটের দরজা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন। পরে অন্য যাত্রী ও ক্রুরা ককপিটে গিয়ে সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন।

ট্রাম্প বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি জানতে পেরেছেন, বিমানের এক যাত্রীও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই যাত্রী পেশায় প্লাম্বার এবং তার আগে বিমান চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না বলে জানান ট্রাম্প। তবে টেলিভিশনে বিমান দুর্ঘটনাবিষয়ক অনুষ্ঠান দেখে তিনি বিমান চালানোর কিছু মৌলিক বিষয় শিখেছিলেন বলে ট্রাম্প দাবি করেন।

পরে বিমানের পেছনে থাকা অতিরিক্ত পাইলট ও নিরাপত্তাকর্মীরা ককপিটে পৌঁছে নিয়ন্ত্রণ নেন। বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। আহত পাইলট স্মিত মাচ্ছারকে হাসপাতালে নেওয়া হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে সহ-পাইলটের হামলার শিকার হয়। এ সময় বিমানটি দ্রুত উচ্চতা হারায়। যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়; ঘটনার তদন্ত চলছে।

তবে ট্রাম্প জানিয়েছেন, ঘটনার বিস্তারিত বিবরণ তিনি নেতানিয়াহু ও আরও কয়েকটি প্রাথমিক সূত্রের কাছ থেকে শুনেছেন। এসব তথ্য তিনি স্বাধীনভাবে যাচাই করেননি বলেও উল্লেখ করেছেন।

সূত্র: রয়টার্স

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০