‘স্বচ্ছ থাকার পরও বিসিএসের গেজেট থেকে বঞ্চিত হয়েছি’

আপলোড সময় : ০১-১০-২০২৬ ১২:১৩:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৬ ১২:১৩:৩৯ অপরাহ্ন

৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত গেজেটে নাম না থাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুরের মো. সাজ্জাদ হোসেন। ৪৯তম বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের হিসাববিজ্ঞান বিষয়ে তার মেধাক্রম ছিল ৩০তম। তবে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত চূড়ান্ত গেজেটে তার নাম পাওয়া যায়নি।

সাজ্জাদ হোসেন মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে তিনি নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

সাজ্জাদ বলেন, তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহী বা ফৌজদারি মামলা কিংবা অভিযোগ নেই। তার পরিবারের কারও রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, সবকিছু স্বচ্ছ থাকার পরও তিনি চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন।

তিনি বলেন, গোপালগঞ্জ জেলার আরও কয়েকজন প্রার্থী গেজেটে স্থান পাননি। কী কারণে তাদের বাদ দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

নিজের পারিবারিক পরিস্থিতি তুলে ধরে সাজ্জাদ বলেন, তার বাবা মারা গেছেন এবং ভাইয়েরা বিদেশে থাকেন। তাদের সহযোগিতায় অনেক কষ্ট করে তিনি পড়াশোনা করেছেন। দীর্ঘদিনের পরিশ্রম ও চাকরির স্বপ্নের পর গেজেটে নাম না থাকায় তিনি হতাশ হয়েছেন বলেও জানান।

সাজ্জাদ বলেন, কী কারণে তাকে চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা প্রয়োজন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধনেরও দাবি জানান তিনি। আগামী ১২ অক্টোবরের মধ্যে চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত হতে চান বলেও জানান তিনি।

এদিকে ৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত গেজেটে ৬১১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছিল। ফলে ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি।

প্রকাশিত গেজেটে ওই ৫৭ জনকে বাদ দেওয়ার নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। গোপালগঞ্জের ১১ জন সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর মধ্যে ৯ জন গেজেটে স্থান পাননি বলে সাম্প্রতিক প্রতিবেদনে এসেছে। তবে তাদের বাদ পড়ার ক্ষেত্রে জেলার পরিচয় কোনো ভূমিকা রেখেছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০