বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০৯:৫৫:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০৯:৫৫:০৩ পূর্বাহ্ন

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে এবারের সংলাপের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এ আয়োজন চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনা নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সম্মেলনে ভূরাজনৈতিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত পরিবর্তন, অর্থনৈতিক পুনর্বিন্যাস, জলবায়ু চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সহযোগিতার পরিবর্তিত বাস্তবতা নিয়ে আলোচনা হবে।

সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তি, গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব, আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য নিয়েও আলোচনা হবে।

এবারের আয়োজনে শতাধিক দেশের অংশগ্রহণকারীদের পাশাপাশি প্রায় ২০০ বক্তা ও ৩০০ প্রতিনিধি থাকার কথা জানিয়েছে আয়োজকরা। বিভিন্ন প্লেনারি সেশন, নেতৃত্ববিষয়ক ফোরাম, কৌশলগত সংলাপ ও বিশেষ অধিবেশনের মাধ্যমে সম্মেলনের আলোচনা এগিয়ে নেওয়া হবে।

সিজিএসের আয়োজনে এটি বে অব বেঙ্গল কনভারসেশনের পঞ্চম আসর। আন্তর্জাতিক এই সংলাপের মাধ্যমে বঙ্গোপসাগর, ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির পরিবর্তিত বাস্তবতা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০