দাবার বোর্ড হতে চাই না, আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০২:৫৪:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০২:৫৪:৫০ অপরাহ্ন

বাংলাদেশ অন্য দেশের ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হওয়ার বদলে নিজেদের শর্তে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ এখন এমন অবস্থানে রয়েছে, যেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অন্যদের খেলার দাবার বোর্ড হতে নয়, বরং নিজেদের শর্তে খেলতে চায় বাংলাদেশ।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে আগ্রহী। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে।

উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে দুটি বড় সমস্যার মুখোমুখি হতে হয়—অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা ও স্বার্থের বিষয়টি।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উৎসের বৈচিত্র্য বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ নতুন উৎস ও খাত থেকে জ্বালানি সংগ্রহের সুযোগ খতিয়ে দেখছে। দেশের নিজস্ব গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সম্ভাবনাও কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জ্বালানি অনুসন্ধানের কাজ শুরু করেছে বলে জানান তিনি।

এ ছাড়া সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং নাগরিকদের জ্বালানি চাহিদা পূরণে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে। তবে মানবিক বিবেচনায় বাংলাদেশ বরাবরই তাদের প্রতি সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান নিয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ সংকটের কার্যকর সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

‘ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০