জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:২০:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:২০:৫৪ পূর্বাহ্ন

‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ও অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের সমালোচনা করে তাঁর পাশে দাঁড়িয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এসব কথা বলেন।

পোস্টে জামায়াত আমির বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তাঁর ভাষ্য, এর মধ্য দিয়ে আখতারুজ্জামান ভুক্তভোগী যাত্রীদের, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।

শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামানের প্রতিবাদকে গুরুত্ব দিয়ে বিমানবন্দরের দুর্বলতাগুলো সংশোধনের উদ্যোগ নেওয়ার পরিবর্তে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুইবারের সাবেক সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসমক্ষে অপমানিত করার নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, জনগণ অন্ধ নয়; তারা সবকিছু দেখছে। তাঁর মতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মেজর (অব.) আখতারুজ্জামান সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের কাছে বীর হিসেবে আবির্ভূত হয়েছেন।

পোস্টের শেষাংশে আখতারুজ্জামানের জন্য দোয়া করে শফিকুর রহমান লেখেন, ‘আল্লাহ তায়ালা তাঁর সম্মান বৃদ্ধি করুন। আমীন।’

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০