‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

আপলোড সময় : ০৪-১০-২০২৬ ১০:২৭:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৬ ১০:২৭:৪৭ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়েছে। গরুর মালিকের ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করার অভিযোগও উঠেছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত থেকে শনিবার (৩ অক্টোবর) ভোরের মধ্যে উপজেলার কামারদহ ইউনিয়নের পশ্চিম মাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, পশ্চিম মাস্তা গ্রামের মো. শহিদুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের কালো রঙের একটি ক্রস জাতের গাভি গোয়ালঘরে বেঁধে রাখেন। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান। পরে গরুটি চুরি হয়েছে বলে বুঝতে পারেন তিনি।

এরপর স্থানীয়দের নিয়ে গরুটির সন্ধানে বের হন শহিদুল। বাড়ির পাশের জমিতে গরুর পায়ের ছাপ দেখতে পেয়ে সেটি অনুসরণ করে বার্না চন্দ্র শেখর (বকশিচর) গ্রামের একটি বাড়িতে যান তাঁরা। সেখানে চুরি যাওয়া গরুটি জবাই করে মাংস কাটার দৃশ্য দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় গরুর মালিক ও তাঁর ভাতিজা আনারুলের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনারুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে ঠেকান। এতে তাঁর ডান হাতে কাটা ও রক্তাক্ত জখম হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে।

পুলিশ ঘটনাস্থল থেকে জবাই করা গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করে। আহত আনারুলকে স্থানীয়রা অজ্ঞাত একটি অটোরিকশায় করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। শনিবার সোহানের বাড়িতে বউভাতের আয়োজন ছিল। ওই অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম চুরি করা গরুটি জবাই করেন বলে অভিযোগ উঠেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০