জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্তমান তারিখ ২২ অক্টোবর পুনর্বিবেচনা করে ১১ জুলাই অথবা ২৯ জুলাই নির্ধারণের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন।
রোববার (৪ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ দাবি জানিয়ে আবেদন করেছে সংগঠনটি।
আবেদনে বলা হয়, ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ঐতিহাসিক ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় নিরাপদ সড়ক আন্দোলন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা, অ্যাডভোকেসি, ভুক্তভোগীদের সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটির মতে, জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ এমন হওয়া উচিত, যা সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ, শিক্ষার্থী ও তরুণদের নিরাপত্তার অঙ্গীকার এবং নিরাপদ সড়কের দাবিতে ঐতিহাসিক নাগরিক-শিক্ষার্থী অংশগ্রহণকে প্রতিফলিত করে।
২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হলে ৪৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ৪৩ জনই ছিলেন শিক্ষার্থী। এ কারণে দিনটি শিক্ষার্থী, তরুণ ও নাগরিকদের নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্মারক হতে পারে বলে মনে করে সংগঠনটি।
অন্যদিকে, ২০১৮ সালের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনটি দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ নাগরিক আন্দোলনে রূপ নেয়।
নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, ‘জাতীয় নিরাপদ সড়ক দিবসের মূল উদ্দেশ্য হওয়া উচিত সড়কে মানুষের জীবন ও নিরাপত্তার বিষয়টিকে সামনে রাখা। তাই দিবসটির তারিখ নির্ধারণের ক্ষেত্রে আমাদের দেশের সড়ক নিরাপত্তার ইতিহাস, রোড ক্র্যাশে নিহতদের স্মৃতি এবং নিরাপদ সড়কের দাবিতে গণমানুষের ঐতিহাসিক আন্দোলনকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।’
সংগঠনটি মনে করে, ১১ জুলাই অথবা ২৯ জুলাইয়ের যেকোনো একটি তারিখ জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে নির্ধারণ করা হলে দিবসটি আরও অর্থবহ ও জনসম্পৃক্ত হয়ে উঠবে। এ বিষয়ে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ, শিক্ষার্থী প্রতিনিধি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারের সদস্য, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর মতামত নেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।
সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জাতীয় নিরাপদ সড়ক দিবসের তারিখ পুনর্নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেছে নিরাপদ সড়ক আন্দোলন।