বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। এ সময় দোয়া মাহফিলের জন্য টাঙানো কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানারও মঞ্চে ছিল। অনুষ্ঠানটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হলে পুলিশ তা বন্ধ করে দেয়।
উপজেলার দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর উদ্যোগে ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকদের ভাষ্য, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম দিন দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অভিযোগ রয়েছে, দোয়া ও মিলাদ শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সেখানে নৃত্য পরিবেশন করা হয়। এ সময় দোয়া মাহফিলের জন্য টাঙানো কোরআন শরিফের ছবি সংবলিত ব্যানারটি মঞ্চে ছিল।
অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও নিন্দা শুরু হয়। পরে পুলিশ গিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
অনুষ্ঠানের আয়োজক ও দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মোল্লা বলেন, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি এ আয়োজন করেছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া, মিলাদ ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বিএনপির কোনো পদে নেই জানিয়ে শাহিন মোল্লা বলেন, অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ইউনিয়ন বিএনপি বা উপজেলা বিএনপির কারও কাছ থেকে তিনি অনুমতি নেননি।
দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খান বলেন, শাহিন মোল্লা দলের সদস্য পদসহ কোনো পদে নেই এবং কখনো ছিলেনও না। এ অনুষ্ঠানের বিষয়েও ইউনিয়ন বা উপজেলা বিএনপির কারও কাছ থেকে তিনি অনুমতি নেননি। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত ওই অনুষ্ঠানের জন্য থানার পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।