নুডলস পছন্দ করেন না—এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সহজে রান্না করা যায়, আবার স্বাদেও বৈচিত্র্য রয়েছে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে নুডলস জনপ্রিয় একটি খাবার।
নুডলসপ্রেমীদের জন্য আজকের দিনটি বিশেষ। আজ ৬ অক্টোবর, নুডলস দিবস। প্রতিবছর যুক্তরাষ্ট্রে এ দিনটি পালন করা হয়। নুডলস বিশ্বজুড়ে পরিচিত খাবার হওয়ায় চাইলে যে কেউ দিনটি নিজের মতো করে উদযাপন করতে পারেন।
তবে কবে থেকে নুডলস দিবস পালন শুরু হয়েছে বা কারা এর প্রচলন করেছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না।
দিবসটি উদযাপনের সহজ উপায় হতে পারে ঘরেই নুডলস রান্না করা। একা কিংবা পরিবার-বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে পছন্দের নুডলস খেয়ে দিনটি উদযাপন করা যায়। বাসায় রান্নার সুযোগ না থাকলে রেস্তোরাঁ বা ফাস্টফুডের দোকানেও নুডলস খাওয়ার সুযোগ রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে নুডলসের রয়েছে নানা ধরন ও স্বাদ। তাই নুডলস দিবসে পরিচিত কোনো পদ খাওয়ার পাশাপাশি নতুন কোনো ধরনের নুডলসও চেখে দেখা যেতে পারে।
নুডলসের ইতিহাসও বেশ পুরোনো। ধারণা করা হয়, অন্তত দুই হাজার বছর আগে থেকেই এ খাবারের প্রচলন ছিল। ঐতিহাসিক নথিতে নুডলসের প্রথম উল্লেখ পাওয়া যায় চীনের ইস্টার্ন হান সাম্রাজ্যের (২৫–২২০ খ্রিস্টাব্দ) সময়কার একটি গ্রন্থে।
সে সময় খামির ছাড়া মণ্ড তৈরি করে বিভিন্ন পদ্ধতিতে নুডলস রান্না করা হতো। এরপর সময়ের সঙ্গে বদলেছে উপকরণ, রান্নার পদ্ধতি ও পরিবেশনের ধরন। বিভিন্ন দেশ ও সংস্কৃতিতে তৈরি হয়েছে নুডলসের অসংখ্য বৈচিত্র্য।
তবে এত পরিবর্তনের পরও নুডলসের জনপ্রিয়তা কমেনি। সহজ রান্না আর বৈচিত্র্যময় স্বাদের কারণে আজও বিশ্বজুড়ে মানুষের পছন্দের খাবারের তালিকায় রয়েছে নুডলস।