শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের মেধা বিকাশের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় ৫৩তম আঞ্চলিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকতে হবে। প্রতিযোগিতায় জয়-পরাজয় দুটোই থাকবে। পরাজয়কে সহজভাবে গ্রহণ করে সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে সফল হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই খেলাধুলার পাশাপাশি ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
২০২৭ সালের শিক্ষা কারিকুলামে বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়ে এহসানুল হক মিলন বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের বিষয়গুলো কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। আনন্দময় ও কারিগরি শিক্ষার বিস্তারের মাধ্যমে নতুন প্রজন্মকে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলাই এর উদ্দেশ্য।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান তোমাদের পাশে রয়েছেন। তোমরা খেলাধুলার পাশাপাশি ভালোভাবে লেখাপড়া করবে। ভালো লেখাপড়া করে নিজেকে তৈরি করে আগামী দিনের সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলবে।’
দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও সুপ্ত প্রতিভার বিকাশে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আকাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ। বক্তব্য শেষে শিক্ষামন্ত্রী ৫৩তম আঞ্চলিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।