ধানমন্ডি লেক পুনরুজ্জীবনে খনন কাজ শুরু করল ডিএসসিসি

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:৪৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:৪৫:১২ অপরাহ্ন

রাজধানীর ধানমন্ডি লেকের নাব্যতা ও নান্দনিক পরিবেশ ফিরিয়ে আনতে পুনঃখনন (ড্রেজিং) ও সামগ্রিক উন্নয়নকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে লেকের পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শেখ রবিউল আলম।

ডিএসসিসি জানিয়েছে, ৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ও গড়ে ৫৬ মিটার প্রশস্ত ধানমন্ডি লেকে জমে থাকা প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ (কাদা ও বর্জ্য) অপসারণ করা হবে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণে দুটি ভাসমান এক্সকাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে।

প্রায় এক বছর মেয়াদি পুনঃখনন প্রকল্পটির প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা। ১৯৬০-এর দশকে পুরোনো পাণ্ডু নদীর অবশিষ্টাংশ নিয়ে গড়ে ওঠা প্রায় ৮৬ একরের ধানমন্ডি লেকে বর্তমানে জলাশয়ের পরিমাণ প্রায় ৫৫ একর।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা ছিল তাঁর নির্বাচনী অঙ্গীকার। প্রধানমন্ত্রী এ-সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এর প্রথম ধাপ হিসেবে লেকের স্লাজ অপসারণের কাজ শুরু হলো। ডিটেইল ডিজাইন অনুযায়ী পর্যায়ক্রমে পুরো লেক সংস্কার করা হবে।

লেকের পরিবেশ রক্ষায় দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, লেকের তলদেশ পরিষ্কারের পর পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ করা হবে। শিশুদের জন্য স্পিডবোটের ব্যবস্থাসহ ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাত ও অন্যান্য অবকাঠামোও উন্নয়ন করা হবে।

তিনি জানান, ধানমন্ডি লেকে রবীন্দ্র সরোবরের আদলে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ডিএসসিসির পরিকল্পনা অনুযায়ী, ধানমন্ডি লেক ও এর অবকাঠামো সংস্কারে ৫০ কোটি টাকা এবং ‘নজরুল সরোবর’ নির্মাণে ২৫ কোটি টাকা ব্যয়ে মোট ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনায় লেকের পাড় সুরক্ষা ও ঢাল স্থিতিশীলকরণ, আধুনিক নিষ্কাশনব্যবস্থা, হাঁটার পথ সংস্কার, আলোকসজ্জা, সীমানাবেষ্টনী ও নিরাপত্তা রেলিং সংস্কার, সিসিটিভি ক্যামেরা, এনাউন্সমেন্ট সিস্টেম ও নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপনের কথা রয়েছে।

এ ছাড়া তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার ও পার্কিং সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে। পরিবেশ ও নাগরিক সেবার অংশ হিসেবে গাছের চিকিৎসায় ‘ট্রি হাসপাতাল’, নিরাপদ খাবার পানি ও জনবান্ধব শৌচাগারও রাখা হবে।

কবি নজরুল ইনস্টিটিউটের বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে ৫০ দশমিক ৯৬৭ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে ‘নজরুল সরোবর’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার ও গ্রিনরুম, নজরুলের জীবন ও সাহিত্যকর্মভিত্তিক বুক কর্নার ও লাইব্রেরি, তথ্যফলক, নগর বন, প্লাজা ও লেকের ঘাট থাকবে।

এ ছাড়া নজরুলের পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফে তৈরির পরিকল্পনাও রয়েছে। লেকের তলদেশ স্লাজমুক্ত হওয়ার পর মূল সংস্কারকাজ ও নজরুল সরোবর নির্মাণের কাজ একযোগে বাস্তবায়ন করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০