চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৫:০৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৫:০৮:৪৭ অপরাহ্ন

২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’—এই দুটি বিষয় যুক্ত করা হবে। আর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। এ চার বিষয়ের জন্য নতুন বই দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। পাশাপাশি কারিগরিনির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এহছানুল হক মিলন বলেন, ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে। শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে আরও নতুন বই যুক্ত করা হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০