ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১১:১৮:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১১:১৮:৪১ পূর্বাহ্ন

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একাধিকবার দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশক্রমে বহিষ্কারাদেশ দেওয়া হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের আগে সোমবার নড়িয়ার নোয়াদ্দা বাংলা বাজার এলাকায় নির্বাচনি বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে সাগরের সঙ্গে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে অর্ণবের চাচা আব্দুস সালামকে মারধর করে ‘ফ্যাসিস্ট’ ও ‘যুবলীগ’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ ওঠে সাগর ও তার অনুসারীদের বিরুদ্ধে।

সাগরের অভিযোগ ছিল, আব্দুস সালাম তার নির্বাচনি ব্যানার ছিঁড়ে পুড়িয়ে ফেলেছেন। এ কারণে তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর দাবি জানান তিনি। তবে পুলিশ প্রাথমিক তদন্তে আব্দুস সালামের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দিতে চাইলে সাগর ক্ষুব্ধ হন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় ওসিকে উদ্দেশ করে সাগর বলেন, ‘বাহার যে পথে গেছে, আপনিও যাবেন সে পথে।’ এ কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জেলা বিএনপির বহিষ্কারাদেশে বলা হয়েছে, সাগরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ পাওয়ায় এবং বারবার দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এ অবস্থায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এমপির কাছে পাঠানো হয়েছে।

বহিষ্কারের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে মতিউর রহমান সাগর লেখেন, ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল—আলহামদুলিল্লাহ।’

এর আগেও সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল সাগরের বিরুদ্ধে। এসব ঘটনায় ভুক্তভোগীরা পৃথকভাবে থানায় অন্তত ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০