কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৩:২৭:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৩:২৭:০৫ অপরাহ্ন

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। পরিস্থিতি মোকাবিলায় প্রায় আধা ঘণ্টা রানওয়ে বন্ধ রাখা হয়। তবে উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পর একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার তথ্য পেয়ে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

জরুরি অবতরণের আগে উড়োজাহাজের ওজন কমাতে জ্বালানি খরচ করার পাশাপাশি বিমানবন্দরে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি নেওয়ার জন্য পাইলটকে আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ ছিল। এ সময় সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০